বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি নৌকাবাইচ, ১৪৪ ধারা জারি

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম
বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি নৌকাবাইচ, ১৪৪ ধারা জারি

সূত্রঃ সংগৃহীত

সিরাজগঞ্জ প্রতিনিধি


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একই স্থানে বিএনপি ও জামায়াতে ইসলামীর পাল্টাপাল্টি নৌকাবাইচ আয়োজনকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় করতোয়া নদীর কালীগঞ্জ নৌকা ঘাট এলাকায় অলিখিতভাবে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।


শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা জামায়াতে ইসলামী ৪ ও ৫ সেপ্টেম্বর এবং বিএনপি ৭ থেকে ৯ সেপ্টেম্বর একই ঘাটে নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি নেয়। একই স্থানে দুই পক্ষের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়।


বিএনপির আয়োজক কমিটির আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য সেলিম রেজা বলেন, ৭ থেকে ৯ সেপ্টেম্বর কালীগঞ্জ ঘাটে ১৭তম নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চলছিল। এর মধ্যেই জামায়াত একই স্থানে ৪ ও ৫ সেপ্টেম্বর নৌকাবাইচের আয়োজন করে। বিষয়টি নিয়ে সবার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।


অন্যদিকে জামায়াতের নৌকাবাইচ উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক ও পঞ্চকোশী ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পেনু বলেন, ৪ ও ৫ সেপ্টেম্বর নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। একই স্থানে দুই পক্ষের কর্মসূচি থাকায় জটিলতার সৃষ্টি হয়েছে।


উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, নৌকাবাইচ আয়োজনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী উভয় পক্ষকে আয়োজন থেকে বিরত থাকতে বলা হয়েছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম বলেন, নৌকাবাইচ আয়োজনের বিষয়ে কোনো পক্ষই উপজেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করেনি। একই স্থানে দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় অলিখিতভাবে ১৪৪ ধারা জারি করা হয়েছে।


তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে কেউ নৌকাবাইচ আয়োজন করলে লিখিতভাবে ১৪৪ ধারা জারি করা হতো।



এমকে/বিএম২৪