বিএনপি ক্ষমতায় গেলে নারী সাপোর্ট সেল গঠন করা হবে: ডা. জুবাইদা রহমান

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৯ পিএম
বিএনপি ক্ষমতায় গেলে নারী সাপোর্ট সেল গঠন করা হবে: ডা. জুবাইদা রহমান

ডেস্ক রিপোর্টঃ

বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে নারীদের জন্য বিশেষ নারী সাপোর্ট সেল গড়ে তোলা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসন তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, নারীদের নিরাপত্তা, স্বাস্থ্য ও ক্ষমতায়ন নিশ্চিত করাই হবে এ উদ্যোগের মূল লক্ষ্য।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে গুলশান, বনানী ও বারিধারা সোসাইটির নারী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি উপজেলায় নিরাপদে সন্তান জন্মদানের ব্যবস্থা করা হবে। মা ও শিশু স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা আরও সহজলভ্য করা হবে।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জয়ী হলে একটি নারীবান্ধব সরকার প্রতিষ্ঠা করা হবে। নারী শিক্ষা নিশ্চিত করতে বাল্যবিয়ে বন্ধ করা হবে এবং নারী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা সম্প্রসারণ করা হবে। নারীদের আর্থিক সহায়তা ও বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদার করা হবে।

কর্মজীবী নারীদের জন্য বেতনসহ ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা হবে উল্লেখ করে তিনি বলেন, বাবা-মায়ের ভরণপোষণ আইনও কার্যকরভাবে বাস্তবায়ন করা হবে।

মতবিনিময় সভায় প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান উপস্থিত ছিলেন। এছাড়া গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত, মহাসচিব সৈয়দ আহসান হাবীবসহ সোসাইটির অন্যান্য নেতারাও অনুষ্ঠানে অংশ নেন।

বা/মে২৪/ফা