বাঘাইছড়িতে ৫০০ বন্যার্ত পরিবারের পাশে রেড ক্রিসেন্ট

প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ১২:৪৪ এএম
বাঘাইছড়িতে ৫০০ বন্যার্ত পরিবারের পাশে রেড ক্রিসেন্ট

সূত্রঃ সংগৃহীত

রাঙ্গামাটি প্রতিনিধি:


রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙ্গামাটি জেলা শাখা।


মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলা মিলনায়তনে আয়োজিত এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য নিজাম উদ্দিন বাবু।


এসময় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন এবং ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন রাঙ্গামাটি জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস প্রেসিডেন্ট শফিউল আলম। এছাড়া উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক ও রাঙ্গামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি এবং রাঙ্গামাটি জেলা বিএনপির কৃষিবিষয়ক সহ-সম্পাদক ও বাঘাইছড়ি উপজেলা বিএনপির সদস্য সেলিম উদ্দিন বাহারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৫৫০ থেকে ৬০০ জন সুবিধাভোগী ও স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।


রেড ক্রিসেন্টের পক্ষ থেকে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সাত দিনের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সম্বলিত একটি প্যাকেজ, একটি ত্রিপল এবং স্বাস্থ্য ও পরিচ্ছন্নতাসামগ্রী সম্বলিত একটি ডিগনিটি কিট তুলে দেওয়া হয়।


বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অন্যতম মানবিক দায়িত্ব। বাঘাইছড়ির বন্যাকবলিত পরিবারগুলোর দুর্ভোগ কমাতে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।


ত্রাণসামগ্রী পেয়ে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা।



এমকে/বিএম২৪