বাগেরহাটে ১১ লাখ টাকার নকল সিগারেট উদ্ধার, গ্রেপ্তার স্বামী-স্ত্রী
ফাইল ছবি
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটে অভিযান চালিয়ে ২২০ কেজি নকল ও ভেজাল সিগারেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ টাকা।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত আনুমানিক ৩টা ৫০ মিনিটে বাগেরহাট সদর মডেল থানাধীন খারাসম্বল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় একটি বসতঘরে অবৈধভাবে মজুদ রাখা ১১টি প্লাস্টিকের বস্তা থেকে ২২০ কেজি নকল ও ভেজাল সিগারেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. দুলাল হাওলাদার (৫৮) ও তাঁর স্ত্রী মোছা. রনজিদা বেগম।
জেলা গোয়েন্দা পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে অবৈধভাবে নকল সিগারেট সংগ্রহ ও মজুদ করে বাজারে বিক্রি করে আসছিলেন। এর মাধ্যমে সরকার নির্ধারিত রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ টাকা। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-গ ধারায় বাগেরহাট সদর মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
বাগেরহাট জেলা পুলিশ জানিয়েছে, অবৈধ ও নকল পণ্য উৎপাদন, মজুদ এবং বিপণনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমন ও জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে জেলা পুলিশ তৎপর রয়েছে।









