নোয়াখালীতে পিকআপের গোপন বডিতে ৬২ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১
ছবি: সংগৃহীত
জুয়েল রানা, নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে একটি পিকআপের বডির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬২ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সৈয়দ নুর (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের সময় পিকআপের চালক পালিয়ে গেছেন।
বুধবার (৪ নভেম্বর) রাত সোয়া ১টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় এ অভিযান চালায় সেনবাগ থানা-পুলিশ।
গ্রেপ্তার সৈয়দ নুর কক্সবাজারের টেকনাফ উপজেলার ৫ নম্বর হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, কক্সবাজারের টেকনাফ থেকে নোয়াখালীর উদ্দেশে ইয়াবার একটি বড় চালান আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। রাত সোয়া ১টার দিকে টেকনাফের দিক থেকে আসা সন্দেহভাজন একটি পিকআপ থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটির বডির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬২ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকের চালানের সঙ্গে সম্পৃক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছেন।
এ ঘটনায় সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।









