মোংলা বন্দরের উন্নয়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
সংগৃহীত
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে বড় ধরনের অবকাঠামোগত উন্নয়ন উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে দুটি কনটেইনার জেটি নির্মাণ ও আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে গৃহীত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটে বাগেরহাটের মোংলায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় দুটি আধুনিক কনটেইনার জেটি নির্মাণের পাশাপাশি বন্দরের প্রয়োজনীয় আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন করা হবে। এর মাধ্যমে মোংলা বন্দরের পণ্য ও কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বন্দরসেবাকে আরও আধুনিক ও কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকালে এক দিনের সরকারি সফরে খুলনা ও বাগেরহাটের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে হেলিকপ্টারে সকাল ৯টা ৫০ মিনিটে মোংলায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।
মোংলায় পৌঁছেই তিনি ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের পক্ষে সংস্থাটির ইন্ডাস্ট্রিয়াল জোনস বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং চীনা পক্ষের হয়ে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী, দুই পক্ষ জ্বালানি, শিল্প অবকাঠামো, পরিবেশবান্ধব অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগের সুযোগ সম্প্রসারণে কাজ করবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, মোংলা বন্দরের আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্যিক কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের অবকাঠামোগত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমকে/বিএম২৪









