২০৩০ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মোংলায় শিল্পায়ন বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পিএম
২০৩০ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মোংলায় শিল্পায়ন বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

সংগৃহীত

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি


২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য সামনে রেখে মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে শিল্পায়ন ও বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বাগেরহাটের মোংলায় ইনভেস্ট বাংলাদেশ ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।


তারেক রহমান বলেন, দেশে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে স্থিতিশীল, নিরাপদ ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নে শিল্পকারখানা স্থাপন, অবকাঠামোগত উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে।


এর আগে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মোংলায় বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।


এতে ইনভেস্ট বাংলাদেশের পক্ষে সংস্থাটির ইন্ডাস্ট্রিয়াল জোন বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং চীনের পক্ষে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং স্বাক্ষর করেন।


স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। এর আওতায় অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস, শিল্প, জ্বালানি, পরিবেশ এবং দক্ষতা উন্নয়ন খাতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র বাড়ানোর পরিকল্পনা রয়েছে।


প্রধানমন্ত্রীর বক্তব্যে ২০৩০ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য অর্জনে মোংলাকে ঘিরে শিল্পায়ন ও আন্তর্জাতিক বিনিয়োগ সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পেয়েছে।


এমকে/বিএম২৪