বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
সূত্রঃ সংগৃহীত
তারিকুজ্জামান মোল্লা, খুলনা ব্যুরো
সবুজে ঘেরা পরিবেশ গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ সৃষ্টি করতে বাগেরহাটে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। জেলা ছাত্রদলের উদ্যোগে সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ষাট গম্বুজ ইউনিয়নের বাদোখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। একই সঙ্গে গাছের পরিচর্যা ও পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন। তাঁর সার্বিক সহযোগিতায় এ বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান ষাট গম্বুজ ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মুস্তাইনবিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বাদোখালী ওয়ার্ড বিএনপির সভাপতি আকরাম খান, ছাত্রদল নেতা ঋত্বিক হালদার রোহিত ও সাহারিয়া জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি ইমন শেখ। এ সময় বাদোখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু সালেহ আহমেদসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেখ আল মামুন বলেন, শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মূল উদ্দেশ্য হলো ছোটবেলা থেকেই তাদের মধ্যে পরিবেশের প্রতি ভালোবাসা তৈরি করা। একটি গাছ শুধু ছায়া দেয় না, পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীরা এসব গাছের যত্ন নেবে এবং ভবিষ্যতে অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করবে—এটাই প্রত্যাশা।
প্রধান বক্তা শেখ মুস্তাইনবিল্লাহ বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের হাতে গাছ তুলে দেওয়ার মাধ্যমে একটি সুন্দর ও সবুজ ভবিষ্যতের বার্তা দিতে চাই।
বক্তারা বলেন, শুধু গাছ বিতরণ করলেই হবে না; নিয়মিত গাছের পরিচর্যা ও বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
এমকে/বিএম২৪









