বড়াকোঠায় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের সভা
সংগৃহীত
ফারদিন নিয়াজ, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নে সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় বড়াকোঠা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ইউনিয়ন প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, নিয়মিত পূজামণ্ডপ পরিদর্শন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বড়াকোঠা ইউনিয়ন পরিষদের প্রশাসক প্রসেন মজুমদার ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মিথ্যা গুজব ছড়িয়ে কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়, সেদিকেও খেয়াল রাখতে হবে।
তিনি আরও বলেন, অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। এ লক্ষ্যে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন বড়াকোঠা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান খোকন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আরিফ মাহমুদ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. রফিক মল্লিক, ইউনিয়ন মহিলা দলের সভাপতি নাসিমা বেগম ও সাধারণ সম্পাদক ময়না বেগম। এ ছাড়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় দুর্গাপূজা চলাকালে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, নিরাপত্তা জোরদার এবং নির্বিঘ্নে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এমকে/বিডিমেইল২৪








