কালীগঞ্জে ১৫১ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পিএম
কালীগঞ্জে ১৫১ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সংগৃহীত

মোঃ শাহনেওয়াজ, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি


গাজীপুরের কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ উজ্জল চন্দ্র মন্ডল (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার উজ্জল চন্দ্র মন্ডল উপজেলার নাগরী ইউনিয়নের সুজাপুর (পূর্বপাড়া) গ্রামের শংকর চন্দ্র মন্ডল ও গীতা রানী চন্দ্র মন্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৪ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উলুখোলা পুলিশ ক্যাম্পের সদস্যরা নাগরী ইউনিয়নের বিরুয়া (নলছাটা) এলাকায় নাগরী বাজার-নলছাটা সড়কসংলগ্ন স্থানে অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে উজ্জল চন্দ্র মন্ডলকে আটক করা হয়।

পরে সাক্ষীদের উপস্থিতিতে তাঁর পরিহিত প্যান্টের বাম পকেট থেকে দুটি স্বচ্ছ সাদা এয়ারটাইট পলিপ্যাকে রাখা গোলাপি রঙের ১৫১ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাবলেটগুলোর ওজন ১৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৪৫ হাজার ৩০০ টাকা। এ সময় যথাযথ জব্দতালিকা প্রস্তুত করে ট্যাবলেটগুলো জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক)/৪১ ধারায় ১৩(১০)২৬ নম্বর মামলা দায়ের করা হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, বুধবার রাতে নাগরী ইউনিয়নের বিরুয়া (নলছাটা) এলাকায় অভিযান চালিয়ে উজ্জল চন্দ্র মন্ডলকে ১৫১ পিস ইয়াবাসহ আটক করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাঁকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, মাদকদ্রব্যের অবৈধ ক্রয়-বিক্রয় ও বিস্তার রোধে কালীগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন ও জননিরাপত্তা নিশ্চিত করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।


এমকে/বিডিমেইল২৪