গুলি ছুড়ে ধাওয়া, ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পিএম
গুলি ছুড়ে ধাওয়া, ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

সংগৃহীত

মোঃ আব্দুর রউফ, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি


নাটোরের গুরুদাসপুরে গুলি ছুড়ে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে ছাত্রদল নেতা শাকিল ইসলামকে (২৩)। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় দৌড়ে পালানোর চেষ্টা করলেও রক্ষা পাননি তিনি। মোটরসাইকেলে ধাওয়া করে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় দুই দুর্বৃত্ত।


বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত শাকিল ইসলাম গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব। তিনি পৌর শহরের চাঁচকৈড় খোয়ারপাড়া গ্রামের রবিউল মিস্ত্রির ছেলে।


স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় শাকিলকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


গুলি ছুড়ে ধাওয়া, পরে কুপিয়ে জখম


হাসপাতালের জরুরি বিভাগের বেডে শুয়ে শাকিল ইসলাম জানান, বুধবার রাত ৯টার দিকে চাঁচকৈড় বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি। পথে বাজারপাড়া এলাকার নুর একাডেমির কাছে পৌঁছালে হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলি শরীরে না লাগায় প্রাণ বাঁচাতে দৌড় দেন তিনি। এ সময় মোটরসাইকেলে করে তাঁর পিছু নেন ওই দুই ব্যক্তি।


শাকিলের ভাষ্য অনুযায়ী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকারের বাড়ির কাছে পৌঁছালে হামলাকারীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসার আগেই মোটরসাইকেলে করে পালিয়ে যান হামলাকারীরা।


শাকিল জানান, হামলাকারীদের কাউকে তিনি চিনতে পারেননি। এ ঘটনায় কারও প্রতি তাঁর সন্দেহও নেই।


গুলির শব্দ শুনে এগিয়ে আসেন স্থানীয়রা


প্রত্যক্ষদর্শী সুমন রহমান জানান, বাজারপাড়ার শহীদা জলিল স্কুলের কাছে তাঁরা পরপর দুটি গুলির শব্দ শুনতে পান। পরে এগিয়ে গিয়ে শাকিলকে দৌড়ে পালাতে এবং দুই ব্যক্তিকে মোটরসাইকেলে তাঁর পিছু নিতে দেখেন। কিছুক্ষণ পর রক্তমাখা অস্ত্র নিয়ে হামলাকারীদের ফিরে যেতে দেখেন তাঁরা।


এ সময় শহীদা জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে শাকিলের চিৎকার শুনতে পান স্থানীয়রা। পরে তাঁরা সেখানে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।


শরীরের বিভিন্ন স্থানে আঘাত


গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নওশিন জাহান জানান, গুরুতর আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। তাঁর হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ


গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনিও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


আহত ছাত্রদল নেতার পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে ওসি বলেন, হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।


অপরাধীদের শনাক্তের নির্দেশ সংসদ সদস্যের


নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আবদুল আজিজ এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, একজন ছাত্রদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।


এ ঘটনায় গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তবে হামলার কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।


এমকে/বিএম২৪