দুই স্ত্রীর সংঘর্ষে জ্ঞান হারালেন মিশরের কোচ, প্রথম স্ত্রীকে ডিভোর্স!
সূত্রঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
দুই স্ত্রীর মধ্যে হাতাহাতি ও উত্তেজনাকর পরিস্থিতি সামলাতে গিয়ে জ্ঞান হারিয়েছেন মিশর জাতীয় ফুটবল দলের কোচ হোসাম হাসান। এ ঘটনার পর প্রথম স্ত্রী হোয়াইদা আল-গারবাওয়িকে আনুষ্ঠানিকভাবে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
মিশরের উত্তর উপকূলের একটি পর্যটন এলাকায় বিলাসবহুল রিসোর্টের ক্যাফেতে সম্প্রতি এ ঘটনা ঘটে। হোসামের দ্বিতীয় স্ত্রী দিনা মোস্তফা, যিনি ‘ড্যান অ্যাডাম’ নামে পরিচিত, তার আইনজীবী মোহাম্মদ শামস বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ওই ক্যাফেতে হোয়াইদা ও দিনার মুখোমুখি হওয়ার পর প্রথমে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা শারীরিক সংঘর্ষে রূপ নেয়। এতে দুই পক্ষের কয়েকজন আহত ও শরীরে কালশিটে দাগের শিকার হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ক্যাফের অন্য অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পুলিশকে খবর দেওয়া হয়।
এ সময় দুই স্ত্রীর বিরোধ সামলাতে গিয়ে প্রচণ্ড মানসিক চাপে একপর্যায়ে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন হোসাম হাসান।
ঘটনাটি মিশরের সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এর পরই আইনি ও দাপ্তরিক প্রক্রিয়ার মাধ্যমে প্রথম স্ত্রী হোয়াইদা আল-গারবাওয়ির সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নেন হোসাম।
হোসাম ও হোয়াইদার সংসারে আয়া, রুয়া ও ওমর নামে তিন সন্তান রয়েছে। ২০২২ সালেও তাদের মধ্যে প্রায় ১০ দিনের বিচ্ছেদ হয়েছিল। পরে সম্পর্ক পুনঃস্থাপিত হলেও এবার নতুন করে সৃষ্ট বিরোধের পর স্থায়ী বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হলো।
উল্লেখ্য, প্রথম স্ত্রীকে বিয়ে করা অবস্থাতেই ২০১৫ সালে ‘ড্যান অ্যাডাম’ নামে পরিচিত দিনা মোস্তফাকে বিয়ে করেছিলেন হোসাম হাসান।
এমকে/বিএম২৪








