আফুরিয়ায় পলিথিন কারখানায় অভিযান, ৩৩৫ কেজি পলিথিন জব্দ

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ১০:৪৬ পিএম
আফুরিয়ায় পলিথিন কারখানায় অভিযান, ৩৩৫ কেজি পলিথিন জব্দ

সূত্রঃ সংগৃহীত

পাবনা প্রতিনিধি:


পাবনা সদর উপজেলার আফুরিয়া এলাকায় নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান চালিয়ে ৩৩৫ কেজি নিষিদ্ধ পলিথিন ও ৪৯ কেজি পিপি দানা জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানাটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং উৎপাদন কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।


সোমবার (১৭ আগস্ট) ‘মেসার্স শিমুল পলিথিন ফ্যাক্টরি’তে এ অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬ক ধারা অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে এসব ব্যবস্থা নেওয়া হয়।


অভিযানে কারখানা থেকে ৩৩৫ কেজি নিষিদ্ধ পলিথিন ও ৪৯ কেজি পিপি দানা জব্দ করা হয়। একই সঙ্গে কারখানা কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।


পাবনা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গাজী মো. দিদারুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন। পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল মমিন প্রসিকিউশন পরিচালনা করেন। এ সময় পাবনা জেলা পুলিশ সহযোগিতা করে।


অভিযান শেষে কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি আগামী এক মাসের মধ্যে কারখানার সব যন্ত্রপাতি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



এমকে/বিএম২৪