বকশীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ ধ্বংস
সূত্রঃ বিডি মেইল
রতন ইন্তিসার, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের শেখেরচর এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে স্থাপন করা বালু উত্তোলনের ড্রেজার ও বালু পরিবহনের পাইপ ভেঙে দেওয়া হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন বকশীগঞ্জ থানা পুলিশের সদস্যরা। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শেখেরচর এলাকায় নদী থেকে অনুমোদন ছাড়াই বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় নদীতে স্থাপন করা ড্রেজার ও বালু পরিবহনের পাইপ ভেঙে দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর তীর ও আশপাশের পরিবেশের ক্ষতি হচ্ছে। সরকারি নির্দেশনা অমান্য করে কেউ যাতে অবৈধভাবে বালু উত্তোলন করতে না পারে, সে জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








