দাগনভূঞায় মামলা প্রত্যাহারে প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার
সূত্রঃ বিডি মেইল
সাইফ উদ্দিন নিশাত, ফেনী প্রতিনিধি
ফেনীর দাগনভূঞায় মেয়েকে অপহরণ, ধর্ষণচেষ্টা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ছবি প্রকাশের অভিযোগে দায়ের করা মামলা প্রত্যাহারে বাদী ও সাক্ষীদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলার গজারিয়া বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মামলার বাদী মায়াধন ও তাঁর মেয়ে ভুক্তভোগী নাজমা আক্তার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী পরিবার জানায়, মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তরা তা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে চাপ দিয়ে আসছে। মামলা প্রত্যাহার না করলে বাদী ও মামলার সাক্ষীদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
পরিবারটির দাবি, হুমকির কারণে তারা বর্তমানে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এতে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ভুক্তভোগীরা জানান, অভিযুক্তদের হুমকি ও চাপের কারণে তারা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এ অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রয়োজনীয় নিরাপত্তা ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা।








