ভুয়া সেনা কর্মকর্তা সেজে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পিএম
ভুয়া সেনা কর্মকর্তা সেজে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

সূত্রঃ সংগৃহীত

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি


র‍্যাব ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে এক স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলা এবং ভুয়া বিয়ের মাধ্যমে তাকে ধর্ষণের অভিযোগে পারভেজ ব্যাপারী (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পিরোজপুরের কাউখালী থানায় করা ধর্ষণ মামলার আসামি পারভেজকে বাগেরহাটের মোংলা থেকে গ্রেপ্তার করা হয়।


সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে মোংলা পৌর শহরের বনফুল মিষ্টির দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে কাউখালী থানা পুলিশ। অভিযানে মোংলা থানা পুলিশের সদস্যরাও সহযোগিতা করেন।


পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার পারভেজ খুলনা সদর এলাকার কয়রা ২৩ নম্বর রোডের সাখাওয়াত ব্যাপারীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) খায়রুল হাসানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।


মামলার এজাহার সূত্রে জানা যায়, পারভেজ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় নিজেকে কখনো র‍্যাব, আবার কখনো সেনাবাহিনীর মেজর বা কর্নেলসহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। এভাবে পিরোজপুরের এক স্কুলছাত্রীর সঙ্গে তার পরিচয় হয় এবং একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।


এজাহারে অভিযোগ করা হয়েছে, পরে পারভেজ ওই কিশোরীর সঙ্গে ভুয়া বিয়ের আয়োজন করেন। এরপর দীর্ঘদিন ধরে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। বিভিন্ন এলাকায় স্বামী-স্ত্রী পরিচয়ে তারা রাতযাপনও করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।


পরবর্তীতে পারভেজের কথিত পরিচয় ও প্রতারণার বিষয়টি ভুক্তভোগীর পরিবারের কাছে প্রকাশ পায়। এরপর কিশোরীর মা নিলুফা বেগম বাদী হয়ে কাউখালী থানায় ধর্ষণ মামলা করেন।


মামলা হওয়ার পর পারভেজ খুলনা থেকে পালিয়ে মোংলায় এসে আত্মগোপন করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করে পুলিশ। অবস্থান নিশ্চিত হওয়ার পর মোংলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পারভেজকে পিরোজপুরে নিয়ে যাওয়া হয়েছে।’


তিনি আরও জানান, একই কায়দায় পারভেজের বিরুদ্ধে আরও কয়েকজন নারীর সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পাশাপাশি ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।