জবির দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নেমে দুই নারীর মৃত্যু
সূত্রঃ ফাইল ছবি
জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায় একটি পুকুরে গোসল করতে নেমে দুই নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন আতিকুর রহমানের মেয়ে রাবেয়া (১৪) এবং শফিকুল ইসলামের স্ত্রী জুলিয়া (২০)।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, দুপুর ৩টার দিকে চার নারী ওই পুকুরে গোসল করতে নামেন। তাঁদের মধ্যে দুজন সাঁতরে নিরাপদে পাড়ে উঠতে সক্ষম হন। অপর দুজন পানিতে ডুবে যান।
পরে স্থানীয় বাসিন্দারা পুকুরে নেমে তাঁদের উদ্ধার করেন। তবে দুজনকেই মৃত অবস্থায় পাওয়া যায়।
পুলিশ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, নিহতদের মরদেহের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ঘটনার খবর পেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে যায়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, প্রতিনিধি দলটি মরদেহ উদ্ধারে সহযোগিতা করেছে।
উপাচার্য আরও বলেন, ‘আজই আমরা পুকুরটিতে সাধারণ মানুষের প্রবেশ সীমিত করে একটি নোটিশ দিয়েছি।’








