ফরিদপুরে নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র বাস্তবায়নে প্রশিক্ষণ
সূত্রঃ সংগৃহীত
মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি
জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬–২০৩০ বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।
প্রশিক্ষণে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে নেট মিটারিংয়ের আওতায় রুফটপ সোলার স্থাপন, সার্ভিস প্রোভাইডার নিয়োগ, বিভিন্ন বাস্তবায়ন মডেল এবং সৌর প্রকল্পে প্রণোদনাসহ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান তত্ত্বাবধানকারী কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব কে. এম. আলী রেজা। প্রশিক্ষক ও সমন্বয়কারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যুৎ বিভাগের উপসচিব মুহাম্মদ আবুল লাইছ।
ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে স্থানীয় সরকারের উপপরিচালক মো. ইলিয়াছুর রহমান, কারিগরি রিসোর্স পারসন ও ওজোপাডিকোর নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি দক্ষতা সেলের নির্বাহী প্রকৌশলী (ভা.) মো. মতিউর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে বক্তারা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, সৌরবিদ্যুতের সম্প্রসারণ এবং জাতীয় কৌশলপত্রের লক্ষ্য বাস্তবায়নে মাঠপর্যায়ে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
এমকে/বিএম২৪









