ফরিদপুরে ইউপি ভবন নির্মাণের দাবিতে ৫ হাজার মানুষের মানববন্ধন
সূত্রঃ সংগৃহীত
মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়ন পরিষদের নতুন ভবন সাবেক স্থানে, চান্দ্রা বাজার এলাকায় নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। ‘চান্দ্রার ভবন চান্দ্রাতেই চাই’ স্লোগানে আয়োজিত কর্মসূচিতে প্রায় পাঁচ হাজার নারী-পুরুষ অংশ নিয়েছেন বলে দাবি করেছেন আয়োজকরা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে চান্দ্রা বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে স্থানীয়রা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯০ সাল পর্যন্ত চান্দ্রা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম চান্দ্রা বাজার এলাকায় পরিচালিত হতো। পরবর্তীতে নদীভাঙনে ইউনিয়ন পরিষদের পুরোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হলে কার্যালয়টি পাশের মালিগ্রাম বাজার এলাকায় স্থানান্তর করা হয়। এরপর থেকে সেখানে অস্থায়ীভাবে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
বক্তারা বলেন, সম্প্রতি চান্দ্রা ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইউনিয়নের নাম, ইতিহাস ও মানুষের দীর্ঘদিনের যোগাযোগের কেন্দ্র হিসেবে চান্দ্রা বাজারকে বিবেচনায় নিয়ে নতুন ভবনটি এখানেই নির্মাণ করা উচিত।
স্থানীয়দের ভাষ্য, চান্দ্রা বাজার থেকে ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের যোগাযোগ তুলনামূলক সহজ। ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা নিতে শিশু, নারী, বয়স্ক ও সাধারণ মানুষের যাতায়াতের বিষয়টি বিবেচনা করেও চান্দ্রা বাজারে ভবন নির্মাণ প্রয়োজন।
তারা আরও বলেন, নদীভাঙনের কারণে একসময় কার্যালয়টি সাময়িকভাবে মালিগ্রাম এলাকায় স্থানান্তর করা হয়েছিল। কিন্তু দীর্ঘদিন ধরে সেখানেই কার্যক্রম চলায় ইউনিয়নের দূরবর্তী এলাকার মানুষের সেবা নিতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। তাই ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রমের ঐতিহাসিক কেন্দ্র চান্দ্রা বাজারেই নতুন ভবন নির্মাণের দাবি জানান তারা।
স্থানীয়রা জানান, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল সম্প্রতি চান্দ্রা ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছেন। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবনটি চান্দ্রা বাজার এলাকায় নির্মাণের দাবি আরও জোরালো করেছেন তারা।
মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে দেলোয়ার বেপারী, কালাম মাতুব্বর, সাইম মাতুব্বর, সুমন মোল্লা ও মনির মাতুব্বরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে ‘চান্দ্রার ভবন চান্দ্রাতেই চাই’ দাবিতে চান্দ্রা বাজারের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী।
এমকে/বিএম২৪









