ফরিদপুরের সালথায় পানিতে পড়ে দুই সন্তানের জননীর মৃত্যু

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পিএম
ফরিদপুরের সালথায় পানিতে পড়ে দুই সন্তানের জননীর মৃত্যু

সূত্রঃ বিডি মেইল

মাহাবুব মিয়া, ফরিদপুর প্রতিনিধি


ফরিদপুরের সালথায় পানিতে পড়ে মৌসুমি মণ্ডল নামে দুই সন্তানের জননী এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত মৌসুমি মণ্ডল ওই এলাকার পাপন সরকারের স্ত্রী এবং সদরপুর উপজেলার উজিরখা কান্দি এলাকার বিভূতি মণ্ডলের মেয়ে।


পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার সকালে বাড়ির কাজ শেষ করে পাশের বিলে গোসল করতে যান মৌসুমি। বেশ কিছু সময় পার হলেও তিনি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাঁর খোঁজ শুরু করেন। একপর্যায়ে বিলের পাশে তাঁর জুতা এবং পানিতে একটি বালতি ভাসতে দেখা যায়। পরে বিলের পানিতে মৌসুমিকে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে ওপরে নিয়ে আসেন। তবে ততক্ষণে তাঁর মৃত্যু হয়।


পরিবারের সদস্যরা জানান, মৌসুমি দীর্ঘদিন ধরে মৃগীরোগে আক্রান্ত ছিলেন। মাঝেমধ্যে খিঁচুনি হলে তিনি পড়ে যেতেন। শনিবারও পড়ে গিয়ে তাঁর মুখে আঘাত লেগেছিল। পরিবারের ধারণা, গোসলের সময় খিঁচুনি হলে পানিতে পড়ে ডুবে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।