রাজশাহীতে চিকিৎসা নিতে আসা তরুণীকে শ্লীলতাহানি মামলায় গ্রেপ্তার ২
সূত্রঃ বিডি মেইল
ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো
রাজশাহী মহানগরীর লক্ষীপুরে চিকিৎসা নিতে আসা এক তরুণীকে শ্লীলতাহানি, মারধরের মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা হওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীণ লক্ষীপুর এলাকার লাবিব সারাফাত রিদান (২১) ও হামিদুল আলম সনি (৩০), তারা উভয়ে মৃত গোলাম কিবরিয়া জিকিরের ছেলে।
পুলিশ জানায়, গত ১৭ সেপ্টেম্বর দুপুর আনুমানিক আড়াইটার দিকে লক্ষীপুর এলাকার আর রহমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী তার শাশুড়ি ও বড় ভাইকে সঙ্গে নিয়ে চিকিৎসাধীন এক স্বজনের জন্য ওষুধ কিনতে গেলে অভিযুক্তরা তাদের পথরোধ করেন। একপর্যায়ে তাদের সঙ্গে বাকবিতণ্ডা ও মারপিটের ঘটনা ঘটে। এ সময় দুই নারীকে টানাহেঁচড়া করে শ্লীলতাহানি এবং একজনকে মারপিট করে আহত করার অভিযোগ করা হয়েছে।
স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নজরে আসে। তাঁর নির্দেশনায় পুলিশ ভুক্তভোগীকে গোদাগাড়ী এলাকা থেকে খুঁজে বের করে। পরে ১৯ সেপ্টেম্বর ভুক্তভোগীর স্বজন তৌহিদ রাজপাড়া থানায় লিখিত এজাহার দিলে মামলা রুজু করা হয়।
মামলা হওয়ার পরপরই পুলিশ কমিশনারের নির্দেশনায় অভিযান চালিয়ে গতরাতে লক্ষীপুর এলাকার পুরাতন পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পেছন থেকে রিদান ও সনিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মামলার অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আরএমপি জানিয়েছে, রাজশাহীতে চিকিৎসাসেবা নিতে আসা কেউ দালাল বা অন্য কারও মাধ্যমে হয়রানির শিকার হলে বিষয়টি পুলিশকে জানালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।









