পুঠিয়ায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা, অগ্নিসংযোগের অভিযোগ
সংগৃহীত
ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো
রাজশাহীর পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ-নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর স্ত্রী ও দুই ছেলেকে জিম্মি করে ৩০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী রুনা বেগম।
ঘটনার খবর পেয়ে বুধবার সকাল ১০টার দিকে বাড়িটি পরিদর্শন করেন পুঠিয়া-দুর্গাপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান এবং পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম।
ভুক্তভোগী রুনা বেগম জানান, ঘটনার সময় তিনি ও তাঁর দুই ছেলে বাড়িতে ছিলেন। গভীর রাতে একদল লোক বাড়ির গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে তাঁদের তিনজনকে জিম্মি করে বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়।
তিনি অভিযোগ করেন, দুর্বৃত্তরা ঘরে থাকা নগদ ৩০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এ সময় তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘরে আগুন ধরিয়ে পালিয়ে যায়।
প্রতিবেশী নাসিমা বেগম বলেন, রাত আনুমানিক ৩টার দিকে বাড়ি থেকে চিৎকার ও শোরগোল শুনে তাঁরা ছুটে যান। পরে বাড়িতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা তা নেভানোর চেষ্টা করেন। আগুনে ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
জানা গেছে, আব্দুস সামাদ বর্তমানে নাশকতাসহ রাষ্ট্রবিরোধী একাধিক মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।
বুধবার বিকেলে এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।
এ ঘটনায় থানায় আনুষ্ঠানিক অভিযোগ করা হয়েছে কি না জানতে চাইলে রুনা বেগম জানান, অভিযোগ করার বিষয়ে তাঁরা এখনো সিদ্ধান্ত নেননি।
এমকে/বিএম২৪








