দেশে ভোটার ১২ কোটি ৯২ লাখ ছাড়াল, ইউপি নির্বাচন নিয়ে সংলাপে বসছে ৫৫ দল

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পিএম
দেশে ভোটার ১২ কোটি ৯২ লাখ ছাড়াল, ইউপি নির্বাচন নিয়ে সংলাপে বসছে ৫৫ দল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


দেশে মোট ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জনে। হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ তালিকা দিয়েই আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজন করা হবে।


বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।


তিনি জানান, দেশে বর্তমানে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন। নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৯৭ জন।


ইসি সচিব বলেন, গত ৩১ আগস্ট কমিশনের প্রকাশিত ভোটার সংখ্যার তুলনায় বুধবার পর্যন্ত দেশে নতুন ভোটার যুক্ত হয়েছেন ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন।


এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে কমিশন।


আখতার আহমেদ জানান, এ সংলাপে অংশগ্রহণের জন্য মোট ৫৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে। সংলাপে ইউপি নির্বাচন নিয়ে দলগুলোর মতামত ও পরামর্শ নেওয়া হবে।