পলাতক আওয়ামী লীগ আত্মগোপনে থাকা নেতাকর্মীদের বিপদে ফেলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: বিডি মেইল
নিজস্ব প্রতিবেদক
পলাতক আওয়ামী লীগ এ দেশে আত্মগোপনে থাকা দলটির নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পলাতক দলটি বুঝে হোক বা না বুঝে, তাদের প্রতারণা ও ফাঁদে পা দিচ্ছেন আত্মগোপনে থাকা নেতাকর্মীরা।
বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রতিবেশী রাষ্ট্রে অবস্থান করে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা সরকার কীভাবে দেখছে—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, পার্শ্ববর্তী দেশের বিষয়টি সরকার কূটনৈতিকভাবে মোকাবিলা করছে।
ইন্দোনেশিয়ার ২০ শতাংশ জাহাজ আটক এবং সেটি মোংলা বন্দরে আসার কথা ছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘পরের বিষয়টা আমার জ্ঞানে নেই। আমি এখনো জানি না। আপনার কাছে নতুন শুনলাম।’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে আইনি কোনো বাধা রয়েছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনি কোনো বাধা বলতে বিষয়টা ওইভাবে নয়। আমরা দুই দেশের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তি অনুসারে পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত চেয়েছি।’
তিনি বলেন, ‘এ ধরনের আরও আসামি, যারা দণ্ডপ্রাপ্ত অথবা দণ্ডপ্রাপ্ত নন, তাদের ক্ষেত্রেও প্রত্যর্পণ চুক্তিতে বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আবেদন করা হলে আসামিদের ফেরত দেওয়ার বিধান রয়েছে। এটি একটি নিয়মিত প্রক্রিয়া। আমরাও বিভিন্ন দেশ থেকে আসামি ফেরত আনি এবং অন্যান্য দেশকেও আসামি প্রত্যাবর্তনে সহযোগিতা করি।’
আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতাকর্মীদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পতিত আওয়ামী শক্তি, পলাতক পার্টি এ দেশের লুকায়িত পার্টিকে বিপদে ফেলছে। এখানে যারা সামাজিকভাবে, অঘোষিতভাবে পুনর্মিলনের পথে ছিল, তাদের বরং বিপদের মুখোমুখি করছে। তারা বুঝে হোক বা না বুঝে, তাদের প্রতারণা ও ফাঁদে পা দিচ্ছে। আশা করি, দেশের জনগণ বুঝবে এবং তারাও বুঝবে, পলাতক পার্টি যেন লুকায়িত পার্টিকে উত্তেজিত না করে।’
ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার সর্বসম্মতিক্রমে একসঙ্গে বসার পরিকল্পনা করছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এগুলো পরের আলোচনা। এ বিষয়ে আমার সঙ্গে বৈঠক হয়নি। প্রধানমন্ত্রী এনসিপির কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা সাক্ষাতের অনুরোধ জানিয়েছিলেন। আর জোটগতভাবে অন্যান্য দলের সঙ্গে আমাদের আলাপ-আলোচনার পরিকল্পনা আছে। সেটা আপনারা জানতে পারবেন।’








