কৌশলে ভ্যান চুরি, জীবিকার শেষ সম্বল হারিয়ে দিশেহারা আকাম সরদার
ছবি: বিডি মেইল
মো. আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি
জীবিকার তাগিদে প্রতিদিনের মতো ভ্যান নিয়ে খুলনার ফুলতলায় গিয়েছিলেন কাটেঙ্গা এলাকার বাসিন্দা মো. আকাম সরদার। কিন্তু প্রতারণার শিকার হয়ে হারিয়েছেন তাঁর উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যানগাড়িটি। কৌশলে ভ্যান নিয়ে পালিয়ে গেছে প্রতারক চক্রের এক সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, ফুলতলা এলাকায় অবস্থানকালে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি আকাম সরদারের সঙ্গে যোগাযোগ করেন। তাঁদের একজন কোট-প্যান্ট পরিহিত ছিলেন। তাঁরা উপজেলা পরিষদে যাওয়ার কথা বলে আকাম সরদারকে সঙ্গে নেন।
পরে উপজেলা মডেল মসজিদের পাশে পৌঁছে কোট-প্যান্ট পরা ওই ব্যক্তি একটি কাগজ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। সরল বিশ্বাসে আকাম সরদার কাগজটি দিতে গেলে সেই সুযোগে তাঁর ভ্যানগাড়িটি নিয়ে পালিয়ে যান ওই ব্যক্তি।
এ ঘটনায় অসহায় হয়ে পড়েছেন আকাম সরদার। প্রতিদিনের পরিশ্রমে যে ভ্যানগাড়ি দিয়ে সংসারের খরচ চালাতেন, সেটিই ছিল তাঁর জীবিকার একমাত্র সম্বল। ভ্যানটি হারিয়ে এখন চরম দুশ্চিন্তায় দিন কাটছে তাঁর।
মানবিক আবেদন
কারও কাছে ভ্যানগাড়িটির সন্ধান বা অভিযুক্ত ব্যক্তিদের বিষয়ে কোনো তথ্য থাকলে আকাম সরদারকে সহযোগিতা করার অনুরোধ জানানো হচ্ছে। পাশাপাশি বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।








