ছাত্ররাজনীতি নিষিদ্ধের বাস্তবায়ন, স্বচ্ছ সিট বণ্টনের দাবিতে পাবিপ্রবি ইনকিলাব মঞ্চের স্মারকলিপি

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম
ছাত্ররাজনীতি নিষিদ্ধের বাস্তবায়ন, স্বচ্ছ সিট বণ্টনের দাবিতে পাবিপ্রবি ইনকিলাব মঞ্চের স্মারকলিপি

ছবি: বিডি মেইল

মো. বাপ্পি হোসেন, পাবিপ্রবি প্রতিনিধি


পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত কার্যকর, হলে অবৈধ সিট দখল বন্ধ, সাম্প্রতিক সংঘর্ষের বিচার এবং স্বচ্ছ প্রক্রিয়ায় সিট বণ্টনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে পাবিপ্রবি শাখা ইনকিলাব মঞ্চ।


বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্মের কাছে স্মারকলিপি জমা দেন সংগঠনটির নেতারা।


এ সময় উপস্থিত ছিলেন পাবিপ্রবি শাখা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক মজনু আলম, ভারপ্রাপ্ত সদস্যসচিব আবু বকর সিদ্দিক মুন্না, দপ্তর সম্পাদক নাদিম হোসাইন এবং সংগঠনটির সদস্য ইব্রাহিম খলিল, রেজওয়ান আহমেদ, শিহাব হোসাইন ও ছোটন ইসলাম।


স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২৩ নভেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-৬’ ছাত্র হলে সিট বণ্টনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। সংঘর্ষে দেশীয় অস্ত্র ও ছুরিকাঘাতে একজন শিক্ষার্থীর মাথায় এবং অপর একজনের পেটে গুরুতর জখম হওয়ার ঘটনাকে ক্যাম্পাসে অস্ত্রের ব্যবহার ও দখলদারত্বের সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা হিসেবে উল্লেখ করা হয়।


স্মারকলিপিতে আরও বলা হয়, হল প্রশাসনের নীরব ভূমিকার কারণে সাধারণ শিক্ষার্থীদের বঞ্চিত করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে সিট দখল করা হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।


স্মারকলিপি জমা দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সাত দফা দাবি উত্থাপন করেন তাঁরা।


দাবিগুলো হলো—


1. ছাত্ররাজনীতি নিষিদ্ধের বিষয়ে প্রশাসনের সুস্পষ্ট অবস্থান জানানো।

2. বৈধ ও স্বচ্ছ প্রক্রিয়ায় আবাসিক হলের সিট বণ্টন।

3. ওয়েবসাইটে সিট বণ্টনের তথ্য প্রকাশ।

4. ২৩ নভেম্বর রাতের সংঘর্ষ ও ছুরিকাঘটনার ঘটনার সুষ্ঠু বিচার।

5. হল প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করা।

6. হলে বহিরাগত ও অছাত্রদের প্রবেশ নিষিদ্ধ করা।

7. সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা।


পাবিপ্রবি শাখা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক মজনু আলম বলেন, “আমরা দেখলাম, জুলাই-৬ হলে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে একজনকে ছুরিকাঘাত করা হয়েছে। আরও দুজন হাসপাতালে ভর্তি। ৫ আগস্টের পর সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের আচরণবিধিতেও তা নিষিদ্ধ রয়েছে। কিন্তু ছাত্রদল, শিবিরসহ অন্যান্য রাজনৈতিক দল প্রশাসনের সঙ্গে নিয়মিত বৈঠক করছে। তাদের বিভিন্ন কমিটি ও উপকমিটি প্রশাসনকে ফুলের তোড়া দিচ্ছে। যেখানে প্রশাসনের পাহারাদারের ভূমিকা পালন করার কথা, সেখানে প্রশাসনই নিষিদ্ধ সংগঠনগুলোর সঙ্গে ওঠাবসা করছে।”


বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম বলেন, “ইনকিলাব মঞ্চ একটি স্মারকলিপি দিয়েছে। তা ইতিমধ্যে উপাচার্যের কাছে পাঠিয়ে দিয়েছি।”


এমকে/বিএম২৪