আমতলীর খেকুয়ানী বাজারে গার্ডার সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পিএম
আমতলীর খেকুয়ানী বাজারে গার্ডার সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

সংগৃহীত

আমতলী (বরগুনা) প্রতিনিধি


বরগুনার আমতলী উপজেলার আমড়াগাছিয়া নদীর খেকুয়ানী বাজারসংলগ্ন এলাকায় গার্ডার সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় কয়েক হাজার মানুষ। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আয়রন সেতুর স্থানে গার্ডার সেতু নির্মাণের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।


সেতুর অভাবে কৃষিপণ্য পরিবহন ও বাজারজাত করতে চরম ভোগান্তিতে পড়ছেন কৃষকেরা। বিশেষ করে গুলিশাখালী ও কুকুয়া ইউনিয়নের কৃষকেরা উৎপাদিত ফসল বাজারে নিতে গিয়ে সমস্যায় পড়ছেন। মানববন্ধনে দ্রুত গার্ডার সেতু নির্মাণের দাবি জানান তাঁরা।


স্থানীয় সূত্রে জানা গেছে, খরস্রোতা পায়রা নদীর শাখা আমড়াগাছিয়া নদীটি আমতলী উপজেলার গুলিশাখালী, কুকুয়া ও আঠারোগাছিয়া ইউনিয়নকে ঘিরে প্রবাহিত হয়েছে। এ নদীর সঙ্গে তিনটি ইউনিয়নের লক্ষাধিক মানুষের জীবনযাত্রা ও অর্থনৈতিক কর্মকাণ্ড জড়িত। একসময় নদীতে ১০টির বেশি খেয়া নৌকার মাধ্যমে মানুষ ও কৃষিপণ্য পারাপার করা হতো।


২০০১ সালে নদীর খেকুয়ানী বাজারসংলগ্ন এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) একটি আয়রন সেতু নির্মাণ করে। তবে নির্মাণকাজে অনিয়মের কারণে ২০১০ সালেই সেতুটির লোহার বীম বাঁকা হয়ে সেতুটি দেবে যায়। এরপরও গত ১৬ বছর ধরে গুলিশাখালী ও কুকুয়া ইউনিয়নের অন্তত ৫০ হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সেতুটি দিয়ে চলাচল করেছেন।


২০২০ সালে সেতুটিকে অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করে যানবাহন চলাচল বন্ধ করে দেয় এলজিইডি। এতে দুই ইউনিয়নের মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়। বিশেষ করে কৃষিপণ্য পরিবহন ও বাজারজাতকরণে দেখা দেয় বড় ধরনের সংকট। এর প্রভাব পড়ে খেকুয়ানী বাজারের ব্যবসা-বাণিজ্যেও।


স্থানীয়দের দাবি, গুলিশাখালী ইউনিয়নে প্রতিবছর অন্তত ৫০ কোটি টাকার তরমুজ উৎপাদিত হয়। কিন্তু সেতু দিয়ে তরমুজবোঝাই যানবাহন পারাপার করতে না পারায় পাইকারি ক্রেতারা এলাকায় আসতে চান না। ফলে তরমুজ চাষিদের লোকসানের মুখে পড়তে হচ্ছে।


শুক্রবারের মানববন্ধনে আমতলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. তোফাজ্জেল হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য দেন মো. দেলোয়ার মুন্সি, প্রভাষক ফারুক হোসেন, মোশাররফ হোসেন মোল্লা, কবির পঞ্চায়েত, মোমেন আকন, মোস্তফা ঘরামী ও ইউপি সদস্য ছত্তার মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


বক্তারা বলেন, মানুষের দুর্ভোগ লাঘবে ২০০১ সালে খেকুয়ানী বাজারে আয়রন সেতু নির্মাণ করা হলেও নির্মাণকাজে অনিয়মের কারণে অল্প সময়ের মধ্যেই এটি অকেজো হয়ে পড়ে। পাঁচ বছর আগে সেতুটি চলাচলের অনুপযোগী ঘোষণা করে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে কৃষিপণ্য আনা-নেওয়া ও বাজারজাতকরণ প্রায় বন্ধ হয়ে গেছে।


তাঁরা আরও বলেন, গুলিশাখালী ইউনিয়নে প্রতিবছর বিপুল পরিমাণ তরমুজ উৎপাদিত হলেও সেতুর কারণে পরিবহন সংকটে পড়ছেন কৃষকেরা। এতে পাইকারি ক্রেতারা আগ্রহ হারাচ্ছেন এবং চাষিদের লোকসান গুনতে হচ্ছে। দুই ইউনিয়নের অন্তত ৫০ হাজার মানুষের দুর্ভোগ লাঘব ও কৃষিপণ্য পরিবহন স্বাভাবিক করতে দ্রুত গার্ডার সেতু নির্মাণের দাবি জানান তাঁরা।


এ বিষয়ে আমতলী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. ইদ্রিস মিয়া বলেন, আমড়াগাছিয়া নদীর খেকুয়ানী বাজারের আয়রন সেতুর স্থানে দ্রুত গার্ডার সেতু নির্মাণ করা হবে। ইতিমধ্যে সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে এবং নকশা তৈরির কাজ চলছে।


এমকে/বিএম২৪