পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ০২:৪১ এএম
পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

সূত্রঃ ছবি: সংগৃহীত

বাগেরহাট প্রতিনিধি


লোডশেডিং কমানো, গ্যাস সরবরাহ স্বাভাবিক করা, ভুতুড়ে বিদ্যুৎ বিল বাতিল, বিদ্যুতের মূল্য সহনীয় রাখা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে আনাসহ পাঁচ দফা দাবিতে বাগেরহাটে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ১১ দলীয় ঐক্য। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।


বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।


সমাবেশে বক্তারা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে চলমান সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। এ পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।


বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সংকটের পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি বাজার ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।


কর্মসূচিতে বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, খেলাফত মজলিসের জেলা সভাপতি মুফতি রমিজ উদ্দিন, বাগেরহাট জেলা এনসিপির আহ্বায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল, জামায়াতের জেলা সহকারী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুস্তাইন বিল্লাহসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।