পবিপ্রবিতে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও বিনিময় সুযোগ নিয়ে সেমিনার

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পিএম
পবিপ্রবিতে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও বিনিময় সুযোগ নিয়ে সেমিনার

সূত্রঃ সংগৃহীত

পবিপ্রবি প্রতিনিধি


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও বিনিময় কর্মসূচির সুযোগ নিয়ে ‘Higher Study and Exchange Opportunities in the United States’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে এ সেমিনারের আয়োজন করা হয়। ঢাকাস্থ মার্কিন দূতাবাস ও এডুকেশনইউএসএ-এর উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের অফিস অব দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।


সেমিনারে প্রধান অতিথি ছিলেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান।


এ ছাড়া ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান এবং ইএসডিএম অনুষদের ডিন অধ্যাপক ড. নুরুল আমিন উপস্থিত ছিলেন।


সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এডুকেশন আউটরিচ কো-অর্ডিনেটর সোহেল ইকবাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন অধ্যাপক আবুল বাশার খান। সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার।


সেমিনারে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধাপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এডুকেশনইউএসএ-এর পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার প্রস্তুতি পাঁচটি ধাপে নেওয়ার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।


ধাপগুলোর মধ্যে রয়েছে—নিজের অগ্রাধিকার নির্ধারণ ও উপযুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান বাছাই, পড়াশোনার ব্যয় নির্বাহে বাজেট প্রণয়ন ও বৃত্তির সুযোগ খোঁজা, আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা, শিক্ষার্থী ভিসার জন্য আবেদন এবং যুক্তরাষ্ট্রে যাত্রার আগে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া।


এ ছাড়া ঢাকার বারিধারায় অবস্থিত আমেরিকান সেন্টারের মাধ্যমে সরাসরি পরামর্শ গ্রহণের সুযোগ সম্পর্কেও শিক্ষার্থীদের অবহিত করা হয়।


প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, ‘ঢাকাস্থ মার্কিন দূতাবাস ও এডুকেশনইউএসএ-এর এই উদ্যোগ আমাদের শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের মেলে ধরা এবং বিশ্বমানের উচ্চশিক্ষার সুযোগ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের বৈশ্বিক জ্ঞান ও আধুনিক সুযোগ-সুবিধার সঙ্গে যুক্ত করতে সবসময় বদ্ধপরিকর। আজকের এই সেমিনার সেই লক্ষ্য অর্জনে একটি সময়োপযোগী পদক্ষেপ।’


বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিধি আন্তর্জাতিক পর্যায়ে সম্প্রসারণের লক্ষ্যে প্রশাসন দীর্ঘদিন ধরে কাজ করছে। এরই ধারাবাহিকতায় ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সহযোগিতায় এ সেমিনারের আয়োজন করা হয়।


সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও বিনিময় কর্মসূচি নিয়ে বিভিন্ন প্রশ্ন করার এবং সংশ্লিষ্টদের কাছ থেকে উত্তর জানার সুযোগ পান।


এমকে/বিএম২৪