নোয়াখালীর কবিরহাটে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮, উদ্ধার ১৪১ পিস ইয়াবা

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১০:০৭ পিএম
নোয়াখালীর কবিরহাটে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮, উদ্ধার ১৪১ পিস ইয়াবা

সংগৃহীত

জুয়েল রানা, নোয়াখালী প্রতিনিধি


নোয়াখালীর কবিরহাট উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে চার মাদক কারবারিসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১৪১ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।


কবিরহাট থানা-পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ধানসিঁড়ি ও সুন্দলপুর ইউনিয়নে পৃথক দুটি অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। তাঁরা হলেন—ধানসিঁড়ি ইউনিয়নের দক্ষিণ জগদানন্দ গ্রামের মো. আবুল বাশার (৫২) ও জাহিদুর রহমান ফারুক (৪৫) এবং সুন্দলপুর ইউনিয়নের উত্তর সুন্দলপুর গ্রামের নাহিদুল ইসলাম ফাহিম (২৬) ও আবু বক্কর সিদ্দিক ওরফে রুবেল (৩৬)।


পুলিশের রেকর্ডপত্র যাচাই করে দেখা গেছে, আটক চারজনের বিরুদ্ধেই কবিরহাট থানায় আগে একাধিক মাদক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। এ ছাড়া একই রাতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত এবং মাদক সেবনের অভিযোগে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।


এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া জানান, উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চার মাদক কারবারিসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি নিয়মিত মামলা করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।


তিনি আরও জানান, অন্যান্য মামলার ওয়ারেন্টভুক্ত ও মাদক সেবনের অভিযোগে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এমকে/বিএম২৪