নোবিপ্রবিতে নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ, ৫ দফা দাবি
সূত্রঃ সংগৃহীত
শফিউল আলম, নোবিপ্রবি প্রতিনিধি:
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নারী শিক্ষার্থীদের নিয়ে মানহানিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য এবং এক নারী শিক্ষার্থীর নাম উল্লেখ করে আপত্তিকর পোস্ট দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ পাঁচ দফা দাবি জানান শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, কয়েকটি ফেসবুক পেজ থেকে দীর্ঘদিন ধরে নোবিপ্রবির নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে ভিত্তিহীন, আপত্তিকর ও কুরুচিপূর্ণ পোস্ট দেওয়া হচ্ছে। সম্প্রতি এক নারী শিক্ষার্থীর নাম উল্লেখ করে একটি পোস্টে তাঁর সম্মানহানির চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
শিক্ষার্থীদের দাবি, এ ধরনের কর্মকাণ্ড শুধু বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে না, বরং নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও সামাজিক মর্যাদার জন্যও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
মানববন্ধন থেকে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—অনতিবিলম্বে আপত্তিকর ও চরিত্রহননমূলক পোস্ট, কমেন্টসহ অন্যান্য কনটেন্ট অপসারণ এবং এ ধরনের অপপ্রচার বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ; এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি ও পেজ শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া; কোনো প্রমাণ ছাড়া নারী শিক্ষার্থীকে সামাজিকভাবে হেয়, অপমান ও হয়রানির চেষ্টার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা ও সাইবার অপরাধ তদন্তকারী কর্তৃপক্ষের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ; শিক্ষার্থীদের সাইবার বুলিং, ব্যক্তিগত আক্রমণ, চরিত্রহনন ও অনলাইন হয়রানি থেকে সুরক্ষায় কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া এবং সাইবার বুলিং, ব্যক্তিগত আক্রমণ ও অযাচিত ট্যাগিং রোধে তদন্ত কমিটি গঠন করে ৪৮ ঘণ্টার মধ্যে দোষীদের বিচারের আওতায় আনা।
আন্দোলনরত শিক্ষার্থী ইসরাত সূচি বলেন, ‘আজকে একজন নারী শিক্ষার্থীর সঙ্গে যা ঘটেছে, কাল তা আমার সঙ্গেও ঘটতে পারে। আমি একজন নারী শিক্ষার্থী হিসেবে এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের কাছে এর সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’
পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আইয়ুব বাচ্চু বলেন, ‘গতকাল থেকে আমাদের নারী শিক্ষার্থীদের, বিশেষ করে একজন নারী শিক্ষার্থীর চরিত্রহননের চেষ্টা করা হচ্ছে, যা নোবিপ্রবিয়ান হিসেবে আমাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয়। আমাদের বোনদের মাদক ও দেহব্যবসার সঙ্গে তুলনা করা খুবই জঘন্য অপরাধ। আমরা প্রশাসনের কাছে এর সর্বোচ্চ শাস্তি দাবি করছি, যাতে এ ধরনের ঘটনা দ্বিতীয়বার না ঘটে।’
পরিসংখ্যান বিভাগের নারী শিক্ষার্থী মার্জনা তাকওয়া ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এফ এম আরিফুর রহমান বলেন, ‘আমরা এ ব্যাপারে অবগত আছি এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। বিষয়টিকে আমরা খুবই গুরুত্বের সঙ্গে দেখছি। এছাড়াও শিক্ষার্থীদের পক্ষ থেকে সুধারাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আশা করি, তারাও এ ব্যাপারে আমাদের সহযোগিতা করবে।’
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘ছাত্রদের একটি অংশ আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমরা এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করছি এবং সুধারাম থানার এসপির সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। তিনি আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পুরো ঘটনা জানার জন্য আমরা একটি তদন্ত কমিটি গঠন করব। কমিটির রিপোর্ট এবং বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
শিক্ষার্থীরা জানান, আগামী দুই কার্যদিবসের মধ্যে জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা।
উল্লেখ্য, সম্প্রতি ‘NSTU Outsider’, ‘NSTU Observer’, ‘নোবিপ্রবিয়ানস’সহ কয়েকটি ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে নোবিপ্রবির এক নারী শিক্ষার্থীর বিরুদ্ধে মানহানিকর অভিযোগ তোলা হয়েছে বলে শিক্ষার্থীদের অভিযোগ। একই পোস্টে নোবিপ্রবির শিক্ষার্থীদের নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে বলে দাবি করেন তারা। এর প্রতিবাদে সোমবার মানববন্ধনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।
এমকে/বিডিমেইল২৪









