টিটন হত্যা মামলায় সুইডেন আসলামকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন (৫৫) হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইরফান খান আদালতে এ আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, মামলার সুষ্ঠু তদন্ত, হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন, ঘটনার নেপথ্যে থাকা ইন্ধনদাতাদের শনাক্ত, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং মামলার অন্য গ্রেপ্তার ও পলাতক আসামিদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তারের জন্য সুইডেন আসলামকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইলের আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল রাত পৌনে ৮টার দিকে রাজধানীর নিউমার্কেট এলাকার পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন টিটন। এ ঘটনায় তাঁর বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন।
মামলার এজাহার অনুযায়ী, টিটনের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর থানার খাপুরা এলাকায়। দীর্ঘদিন কারাভোগের পর ২০২৪ সালের ১৩ আগস্ট আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি। এরপর ঢাকার হাজারীবাগের সুলতানগঞ্জ এলাকায় একটি বাসায় বসবাস শুরু করেন।
এজাহারে বাদী উল্লেখ করেন, অতীতে পরিবারের আর্থিক ক্ষতির জন্য অনুশোচনা প্রকাশ করে টিটন তাঁর বড় ভাইয়ের সঙ্গে মোবাইল অ্যাপের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখতেন। নতুন করে ব্যবসা শুরু করার চেষ্টা করছিলেন তিনি। একপর্যায়ে একটি গরুর হাটের ইজারার শিডিউল কেনার কথাও বড় ভাইকে জানান।
এজাহারে গরুর হাটের ইজারা নিয়ে বিরোধকে হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, এ ইজারা নিয়ে ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল বা কাইল্লা বাদল, শাজাহান এবং রনি ওরফে ভাঙ্গারি রনিসহ কয়েকজনের সঙ্গে টিটনের বিরোধ তৈরি হয়।
এজাহার সূত্রে আরও জানা যায়, গত ২৭ এপ্রিল টিটন তাঁর বড় ভাইকে ফোন করে জানান, প্রতিপক্ষ তাঁকে ডেকেছে এবং সমঝোতার মাধ্যমে বিরোধ মীমাংসা করতে চায়। পরদিন ২৮ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় পাকা সড়কে তাঁর ওপর হামলা চালানো হয়।
অভিযোগ অনুযায়ী, মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারী এবং তাঁদের সঙ্গে থাকা আরও পাঁচ থেকে সাতজনের পরিকল্পনায় টিটনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এজাহারে বলা হয়েছে, ঘটনার খবর পেয়ে বাদী যশোর থেকে ঢাকায় এসে ২৯ এপ্রিল ভোর ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ভাইয়ের মরদেহ শনাক্ত করেন। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় মামলা করতে কিছুটা বিলম্ব হয় বলেও উল্লেখ করা হয়েছে।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগতের অন্যতম আতঙ্ক হিসেবে পরিচিত ছিলেন তিনি। দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান তিনি।
সুইডেন আসলামের প্রকৃত নাম শেখ মোহাম্মদ আসলাম। তাঁর বাবার নাম শেখ জিন্নাত আলী। ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়া এলাকায় তাঁর পৈতৃক নিবাস হলেও বেড়ে উঠেছেন রাজধানীর ইন্দিরা রোড এলাকায়।
এমকে/বিএম২৪








