নাহিদের পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেওয়া নারী হাদির আপন ফুফাতো বোন: ডা. মিতু
ডেস্ক রিপোর্টঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনি জনসভায় শরিফ ওসমান হাদির বোন পরিচয়ে বক্তব্য দেওয়া নারী শহীদ শরিফ ওসমান বিন হাদির আপন ফুফাতো বোন বলে জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু।
রোববার (৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
ডা. মাহমুদা মিতু বলেন, নাহিদ ইসলামের নির্বাচনি জনসভায় যিনি শরিফ ওসমান হাদির বোন পরিচয়ে বক্তব্য দিয়েছেন, তিনি আসলে শহীদ হাদির আপন ফুফাতো বোন। ওসমান হাদির বাবার আপন ছোট বোন হাসিনা বেগমের সুযোগ্য কন্যা হলেন বক্তব্য দেওয়া শবনম খাদিজা।
তিনি আরও বলেন, ওসমান হাদির বোন পরিচয়ে অপরিচিত কাউকে দিয়ে বক্তব্য দেওয়ানো হয়েছে— এমন সংবাদ সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর।
ফেসবুক পোস্টে ডা. মিতু জানান, শবনম খাদিজার বাবা মাওলানা আব্দুর রশিদ এবং মা হাসিনা বেগম। তার নানা শফিজ উদ্দিন মুন্সী। শহীদ শরিফ ওসমান বিন হাদির বাবা মরহুম শরিফ আব্দুল হাদি তার আপন মামা। শবনম খাদিজার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার মধ্য কামবেতপুর গ্রামে।
ডা. মিতু বলেন, জনসভাস্থলের কাছেই শবনম খাদিজার বাসা হওয়ায় তিনি ওসমান হাদীর বিচারের দাবিতে কিছু কথা বলার আগ্রহ প্রকাশ করেন। সেই প্রেক্ষিতেই তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়।
বা/মে২৪/ফা









