নারীকে মারধরের ভাইরাল ভিডিও, ভোক্তা অধিদপ্তরের দাবি—‘তাদের সম্পৃক্ততা নেই’
সূত্রঃ সংগৃহীত
জেলা প্রতিনিধি, রাজবাড়ী
রাজবাড়ী সদর উপজেলার কাপড় বাজারে এক নারীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান হিসেবে প্রচার করা হলেও এর সঙ্গে অধিদপ্তরের কোনো সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছে সংস্থাটি।
রোববার (৩০ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ তথ্য জানায়।
অধিদপ্তর জানায়, ২৯ আগস্ট রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজার এবং ৩০ আগস্ট কালুখালী উপজেলার মৃগী বাজারে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে।
তবে ২৯ আগস্ট রাজবাড়ী সদর উপজেলার কাপড় বাজারের আস্থা বস্ত্রালয়কে কেন্দ্র করে ঘটে যাওয়া একটি ঘটনার ভিডিও পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওর সঙ্গে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয় কিংবা অধিদপ্তরের কোনো অভিযানের সম্পর্ক নেই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভিডিওতে থাকা ওই নারী এ বিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে কোনো অভিযোগও করেননি।
অধিদপ্তর বলেছে, ভিডিওটিকে তাদের অভিযান হিসেবে প্রচার করা সম্পূর্ণ বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও অপপ্রচার। এ ধরনের তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
এদিকে, গত ২৯ আগস্ট রাজবাড়ী শহরের বড় বাজারে কাপড় ব্যবসায়ীদের সঙ্গে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানার বিরোধের জেরে তাকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে পুলিশের উপস্থিতিতে কয়েকজন যুবককে ওই নারীকে মারধর করতে দেখা যায়।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিভ্রান্তিকর তথ্য ছড়ায়। কেউ তাকে ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দেন, আবার কেউ ঘটনাটিকে ভোক্তা অধিকারবিরোধী অভিযানের সময় মারধর বলে প্রচার করেন।
সঠিক তথ্য জানতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজ অনুসরণ করার আহ্বান জানিয়েছে অধিদপ্তর।








