দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়ার শপথ নিঃস্ব যুবকের

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পিএম
দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়ার শপথ নিঃস্ব যুবকের

সূত্রঃ সংগৃহীত

খাগড়াছড়ি প্রতিনিধি


অনলাইনে জুয়া খেলতে গিয়ে প্রায় ১৫ লাখ টাকা হারিয়ে সর্বস্বান্ত হয়েছেন খাগড়াছড়ির রামগড়ের যুবক মো. সজিব (২৫)। সঞ্চয় ও সম্পদ হারিয়ে আর্থিকভাবে বিপর্যস্ত হওয়ার পর নিজের ভুল উপলব্ধি করে এবার ব্যতিক্রমীভাবে দুধ দিয়ে গোসল করে সব ধরনের জুয়া ছেড়ে দেওয়ার শপথ নিয়েছেন তিনি।


শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রামগড় ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। পরে দুধ দিয়ে গোসল করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।


সজিব রামগড় উপজেলার ১ নম্বর রামগড় ইউনিয়নের লামকুপাড়া গ্রামের নুরুন নবীর ছেলে। তিনি পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ইউনিয়ন পরিষদের সামনে বসে নিজের শরীরে দুধ ঢেলে গোসল করছেন সজিব। এ সময় তিনি অনলাইন জুয়ার কারণে নিজের জীবনে নেমে আসা বিপর্যয়ের কথা তুলে ধরেন। জুয়া খেলতে গিয়ে প্রায় ১৫ লাখ টাকা হারিয়েছেন জানিয়ে তিনি বলেন, এতে তার সংসার ও আর্থিক অবস্থা ভেঙে পড়েছে। বর্তমানে তিনি প্রায় নিঃস্ব।


স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে অনলাইনসহ বিভিন্ন ধরনের জুয়ার সঙ্গে যুক্ত ছিলেন সজিব। জুয়ার পেছনে একের পর এক টাকা খরচ করতে গিয়ে ধীরে ধীরে তার সঞ্চয় ও সম্পদ শেষ হয়ে যায়। একপর্যায়ে তিনি চরম আর্থিক সংকটে পড়েন।


এরপর নিজের ভুল বুঝতে পেরে শনিবার প্রকাশ্যে প্রায় ১০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া থেকে পুরোপুরি সরে আসার শপথ নেন তিনি।


রামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হুদা বলেন, জুয়ার কারণে ছেলেটি অনেক কিছু হারিয়েছে। ভুল বুঝতে পেরে সে এ পথ থেকে ফিরে আসার প্রতিজ্ঞা করেছে। সত্যিই যদি সে জুয়া ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে, তাহলে সেটিই তার, তার পরিবার ও এলাকার জন্য ভালো হবে।


প্রত্যক্ষদর্শী আবদুল মান্নান বলেন, প্রকাশ্যে নিজের ভুল স্বীকার করা সহজ নয়। সজিব যেন নিজের প্রতিজ্ঞায় অটুট থেকে স্বাভাবিক ও ভালো জীবনে ফিরে আসতে পারেন, সেটিই সবার প্রত্যাশা।


রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম বলেন, জুয়া সরাসরি হোক কিংবা অনলাইনে—দুই ধরনের জুয়াই অবৈধ। এ বিষয়ে পুলিশের নিয়মিত অভিযান চলছে। পাশাপাশি জনসচেতনতা তৈরিতে মাদক ও জুয়াবিরোধী প্রচার-প্রচারণাও চালানো হচ্ছে।


জুয়ার নেশায় সর্বস্ব হারানোর পর সজিবের দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার এই ব্যতিক্রমী শপথ স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে। এখন তার এই প্রতিজ্ঞা কতটা স্থায়ী হয়, সেটিই দেখার বিষয়।


এমকে/বিএম২৪