সৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল-ড্রোন হামলার দাবি
সূত্রঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। বাংলাদেশ সময় রোববার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ দাবি করেন।
ইয়াহিয়া সারে বলেন, ঘাঁটিতে থাকা অস্ত্রের গুদাম ও কমান্ড সেন্টার হামলার লক্ষ্যবস্তু ছিল। এসব স্থাপনা থেকে ইয়েমেন ও দেশটির জনগণের বিরুদ্ধে আগ্রাসন পরিচালনা করা হচ্ছিল বলে দাবি করেন তিনি।
তবে হামলাটি ঠিক কখন চালানো হয়েছে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময় জানাননি হুথি মুখপাত্র।
গত সপ্তাহে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে ইয়েমেনের সরকারি বাহিনীর সংঘাত শুরু হয়। ইয়েমেনের সরকারি বাহিনীকে সৌদি আরব বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে আসছে।
হুথিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের
এদিকে ইয়েমেনের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসরমান হুথিদের বিরুদ্ধে আপাতত কোনো ব্যবস্থা না নেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, হুথিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করে তাদের অভিযানে হস্তক্ষেপ না করার অনুরোধ জানিয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন সফরের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, হুথিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা আমেরিকার সঙ্গে সংঘাতে জড়াতে চায় না। একই সঙ্গে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ার অনুরোধ জানিয়েছে।
হুথিদের সামরিক অভিযানের মধ্যেই সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ড্রোন হামলার ঘটনাও ঘটেছে। হামলার কারণে হরমুজ প্রণালি এড়িয়ে লোহিত সাগর দিয়ে তেল পরিবহনের ক্ষেত্রে সৌদির গুরুত্বপূর্ণ এই পথটি সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সৌদির তেল পাইপলাইনে হামলার বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, এ ঘটনায় ইরান জড়িত থাকতে পারে।
সূত্র: এএফপি








