দাগনভূঞায় অগ্রযাত্রা ভলান্টিয়ার সোসাইটির বৃক্ষরোপণ কর্মসূচি
সূত্রঃ সংগৃহীত
ফেনী দাগনভূঞা প্রতিনিধি: সাইফ উদ্দিন নিশাত
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে অগ্রযাত্রা ভলান্টিয়ার সোসাইটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে চন্দ্রপুর গ্রামের আবুল কালাম চেয়ারম্যান বাড়ি ও সংলগ্ন পাঞ্জেগানা মসজিদের কবরস্থানের আশপাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অগ্রযাত্রা ভলান্টিয়ার সোসাইটির সদস্য, স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্থানে চারা রোপণের পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব এবং রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
আয়োজকরা বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না, বরং প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচর্যার কোনো বিকল্প নেই।
অগ্রযাত্রা ভলান্টিয়ার সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক কল্যাণে সংগঠনটির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় পর্যায়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের স্বেচ্ছাসেবামূলক কাজে সম্পৃক্ত করাও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
স্বেচ্ছাসেবকদের প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিটি সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
এমকে/বিএম২৪








