চট্টগ্রামে ডেঙ্গুতে গর্ভবতী নারীর মৃত্যু, গর্ভের সন্তানও মারা গেছে
সূত্রঃ সংগৃহীত
জেলা প্রতিনিধি
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে অর্পিতা দাশ নামে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি। একই সঙ্গে তার গর্ভের সন্তানও মারা গেছে।
অর্পিতা দাশ চট্টগ্রাম কাস্টমসের কর্মী মিঠুন চৌধুরীর স্ত্রী। আগামী ১২ অক্টোবর তাদের প্রথম সন্তান জন্ম নেওয়ার সম্ভাব্য তারিখ ছিল।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি মাসের প্রথম সপ্তাহে জ্বরে আক্রান্ত হন অর্পিতা। পরে পরীক্ষা-নিরীক্ষার পর গত ৬ সেপ্টেম্বর তার ডেঙ্গু শনাক্ত হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সংকটাপন্ন অবস্থায় তাকে আইসিইউতে নেওয়া হয়।
চিকিৎসকেরা জানান, ডেঙ্গু এক্সপ্যান্ডেড সিন্ড্রোমে আক্রান্ত হয়ে অর্পিতার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এমকে/বিডিমেইল২৪









