ত্রিশালে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কমিটি গঠন, আহ্বায়ক শাহাবুল আলম ও সদস্যসচিব কায়েকোবাদ

প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ০৯:২২ পিএম
ত্রিশালে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কমিটি গঠন, আহ্বায়ক শাহাবুল আলম ও সদস্যসচিব কায়েকোবাদ

সংগৃহীত

 রাকিবুল ইসলাম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি


ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ৩৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে বীর মুক্তিযোদ্ধার সন্তান শাহ মো. শাহাবুল আলমকে আহ্বায়ক এবং কায়েকোবাদকে সদস্যসচিব করা হয়েছে।


সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ময়মনসিংহ জেলা কমান্ড কাউন্সিল এ কমিটির অনুমোদন দেয়। কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মো. সোলাইমান মিয়া ও মহাসচিব মো. শফিকুল ইসলামের অনুমতিক্রমে জেলা কমান্ড কাউন্সিল কমিটির অনুমোদন প্রদান করে।


অনুমোদনপত্র সূত্রে জানা যায়, নবগঠিত কমিটির আহ্বায়ক শাহ মো. শাহাবুল আলম বীর মুক্তিযোদ্ধা মরহুম ডা. মজের উদ্দিনের সন্তান। তিনি ত্রিশাল উপজেলার চরপাড়া এলাকার বাসিন্দা। অন্যদিকে সদস্যসচিব কায়েকোবাদ বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলামের সন্তান। তাঁর বাড়ি উপজেলার গোপালপুর এলাকায়।


অনুমোদিত কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে তিন মাস। এ সময়ের মধ্যে উপজেলার সব ইউনিয়নে সংগঠনের কমিটি গঠন করতে হবে। এ জন্য জেলা ও বিভাগীয় কমিটির সঙ্গে সমন্বয় করে সংগঠনের গঠনতন্ত্র ও প্রচলিত আইন অনুসরণ করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।


এ ছাড়া অনুমোদনপত্র জারির ১৫ দিনের মধ্যে পরিচিতি সভা আয়োজন এবং স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার নির্দেশ দেওয়া হয়েছে। সংগঠনের গঠনতন্ত্রবিরোধী কিংবা রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত হলে কমিটি বাতিল বলে গণ্য হবে বলেও অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে। প্রয়োজনে কমিটির সদস্যসংখ্যা বৃদ্ধি, পরিবর্তন ও বাতিলের ক্ষমতাও সংরক্ষণ করেছে জেলা কমান্ড কাউন্সিল।


সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির মাধ্যমে ত্রিশালে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে। পাশাপাশি উপজেলার সব ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের অধিকার, মর্যাদা ও কল্যাণে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে।


এমকে/বিএম২৪