ঝিনাইদহে মেসের বাজার নিয়ে বিরোধের জেরে রুমমেটের হাতে রুমমেট খুন
সূত্রঃ সংগৃহীত
মো. আসাদুজ্জামান, বিশেষ প্রতিনিধি
ঝিনাইদহে মেসের বাজার করা নিয়ে বিরোধের জেরে রুমমেটের ছুরিকাঘাতে কাউসার আলী (২১) নামে এক পলিটেকনিক শিক্ষার্থী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের মহিলা কলেজপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। এ সময় ঘটনার সঙ্গে জড়িত লিখন (১৬) নামের এক কিশোরকে আটক করে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত কাউসার আলী ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী। তিনি হরিণাকুণ্ডু উপজেলার চটকাবাড়িয়া বৈঠাপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে। অপরদিকে, আটক লিখন (১৬) ঝিনাইদহ সদর উপজেলার শৈলমারী গ্রামের বাসিন্দা এবং বাড়িবাথান মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, কাউসার ও লিখন শহরের মহিলা কলেজপাড়ায় আবু জাফরের বাড়ির ছাত্র মেসে বেশ কিছুদিন ধরে বসবাস করে আসছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে খাবার না পাওয়াকে কেন্দ্র করে লিখন কাউসারের ওপর চড়াও হন। এ সময় মেসের দৈনন্দিন বাজার করা নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা বাকবিতণ্ডায় রূপ নিলে উভয়েই ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে চরম উত্তেজনার একপর্যায়ে লিখন কাউসারকে ছুরি দিয়ে আঘাত করেন। এ সময় লিখনও আহত হন।
পরে আশঙ্কাজনক অবস্থায় কাউসারকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সঙ্গে জড়িত লিখনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটি উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।









