জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়ক হকারমুক্ত থাকবে: ডিএসসিসি প্রশাসক

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পিএম
জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়ক হকারমুক্ত থাকবে: ডিএসসিসি প্রশাসক

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়ক ও ফুটপাত হকারমুক্ত রাখা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয় এলাকায় সড়ক বিভাজকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে হকার ব্যবস্থাপনা নিয়ে তিনি এ কথা জানান।


ডিএসসিসি প্রশাসক বলেন, হকারদের বিষয়টি মানবিক দিক বিবেচনায় রেখেই পরিকল্পনা সাজানো হচ্ছে। তবে সব ফুটপাত ও প্রধান সড়কে হকার বসার সুযোগ থাকবে না। বিশেষ করে জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়ক ও ফুটপাত সম্পূর্ণ হকারমুক্ত রাখা হবে।


উচ্ছেদ কার্যক্রম শুরুর আগেই সংশ্লিষ্ট হকারদের নিজ দায়িত্বে সরে যাওয়ার আহ্বান জানান তিনি।


আবদুস সালাম জানান, নিবন্ধিত হকারদের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে গুলিস্তানে ‘হলিডে মার্কেট’ এবং বিকেল ৪টার পর ‘নাইট মার্কেট’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব নির্ধারিত স্থানে হকারদের ব্যবসার সুযোগ দেওয়া হবে।


এদিকে পল্টন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত মেট্রোরেলের নিচের সড়ক বিভাজকে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে ডিএসসিসি। সাজেদা ফাউন্ডেশনের সহযোগিতায় এ সবুজায়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।


ডিএসসিসি প্রশাসক বলেন, পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর জাতীয় পরিকল্পনার অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিন লাখ গাছ লাগানোর প্রাথমিক লক্ষ্যমাত্রা রয়েছে। এরই মধ্যে প্রায় ৬৭ হাজার গাছ লাগানো হয়েছে।


রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে সামাজিক প্রতিষ্ঠান ও সাধারণ নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো রাস্তায় কিংবা সড়ক বিভাজকে ময়লা না ফেললে নগর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে সিটি করপোরেশন আরও সহযোগিতা পাবে বলেও মন্তব্য করেন তিনি।


অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার উপস্থিত ছিলেন।



এমকে/বিএম২৪