কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ২০
সূত্রঃ সংগৃহীত
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে পাগলা শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। গত দুই দিনে উপজেলার চাঁপাইর ইউনিয়নের ধুলিগড়া, পামওয়েল বাজার ও গন্দেকচালা এলাকায় এসব ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিয়ালগুলো দিনের পাশাপাশি রাতেও বিভিন্ন বসতবাড়িতে ঢুকে পড়ছে। বাড়িতে প্রবেশ করে তারা মানুষ ও গরু, মহিষ, ছাগলসহ গবাদিপশুকে কামড়ে আহত করছে। এলাকায় একাধিক শিয়াল নিয়মিত বিচরণ করায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
শিয়ালের কামড়ে আহতদের মধ্যে রয়েছেন দ্বীন ইসলাম (১২), মফিজ মাস্টার (৪০), শারমিন (৩৫), আলমাস (৩৮), আলী হোসেন (৩৫), মিম (৫) ও হরিদাসী (৬০)। এ ছাড়া আরও অনেকে আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
চাঁপাইর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. সবুর মিয়া শিয়ালের কামড়ে প্রায় ২০ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল হোসাইন বলেন, ‘বিষয়টি শুনেছি। পরিবেশ অধিদপ্তরের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’








