জাবিপ্রবিতে জাতীয় মৎস্য পক্ষ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গুরুত্ব

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পিএম
জাবিপ্রবিতে জাতীয় মৎস্য পক্ষ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গুরুত্ব

সূত্রঃ সংগৃহীত

মো. ইকরাম মাহমুদ প্রধান, জাবিপ্রবি প্রতিনিধি


“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) পালিত হয়েছে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’। এ উপলক্ষে দেশের মৎস্য সম্পদের উন্নয়ন, সম্ভাবনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের উদ্যোগে একাডেমিক ভবনের কনফারেন্স কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন। বক্তব্যে তিনি দেশের অর্থনীতিতে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি ব্লু ইকোনমি বা সমুদ্রভিত্তিক অর্থনীতির বিকাশে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।


ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদীকুর রহমান বলেন, “জলবায়ু পরিবর্তনজনিত বিভিন্ন কারণে মৎস্য সম্পদের ওপর বিরূপ প্রভাব পড়ছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনের জন্য মৎস্য সম্পদের উন্নয়নে আমাদের বিশেষ গুরুত্ব দিতে হবে।”


অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফিশারিজ বিভাগের শিক্ষক ড. আবদুস সাত্তার ও ড. মুহাম্মদ ফরহাদ আলী। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদীকুর রহমান এবং সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক মাহফুজুল আলম মিঠু।


এ সময় ফিশারিজ বিভাগের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


এমকে/বিএম২৪