জাবিপ্রবিতে উৎসবমুখর পরিবেশে ডেইলি টাইমস অব বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পিএম
জাবিপ্রবিতে উৎসবমুখর পরিবেশে ডেইলি টাইমস অব বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সূত্রঃ সংগৃহীত

মো: ইকরাম মাহমুদ প্রধান,জাবিপ্রবি প্রতিনিধি


জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে জাতীয় দৈনিক ‘ডেইলি টাইমস অব বাংলাদেশ’ (TOB)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।


সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি (জাবিপ্রবিসাস) কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। জাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি ও ডেইলি টাইমস অব বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুসলিম ইবনে রবির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান।


প্রধান অতিথির বক্তব্যে রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকতা চর্চা শিক্ষার্থীদের মননশীলতা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডেইলি টাইমস অব বাংলাদেশ সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের আস্থা অর্জনের চেষ্টা করছে। পত্রিকাটি ভবিষ্যতেও সব ধরনের প্রভাবমুক্ত থেকে দেশ, জাতি ও শিক্ষার উন্নয়নে কাজ করবে বলে আশা করি।”


তিনি আরও বলেন, “জাবিপ্রবি সাংবাদিক সমিতির কার্যালয়ে এমন আয়োজন ক্যাম্পাসে সাংবাদিকতা চর্চার প্রাণবন্ত পরিবেশকে তুলে ধরে। আমি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করছি।”


বিশেষ অতিথির বক্তব্যে জাবিপ্রবি সাংবাদিক সমিতির সদ্য সাবেক সভাপতি মো. মিরাজুল ইসলাম বলেন, “জাবিপ্রবি সাংবাদিক সমিতির কার্যালয়ে এই প্রথম কোনো জাতীয় দৈনিকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলো। এটি আমাদের জন্য আনন্দের একটি মুহূর্ত। আমি ব্যক্তিগতভাবে পত্রিকাটি নিয়মিত পড়ি। সংবাদ পরিবেশনের ধরন, বিষয়বস্তু নির্বাচন ও উপস্থাপনা আমার ভালো লাগে। পত্রিকাটির সাফল্যময় পথচলা কামনা করছি।”


ডেইলি টাইমস অব বাংলাদেশের জামালপুর জেলা প্রতিনিধি সাইমুম সাব্বির শোভন বলেন, “নতুন উদ্যম ও আধুনিক উপস্থাপনা নিয়ে যাত্রা শুরু করা পত্রিকাটি ইতোমধ্যে বেশ কিছু প্রতিবেদন প্রকাশ করেছে। এর মাধ্যমে পাঠকদের কাছে পত্রিকাটি পরিচিতি পেয়েছে। আমি সবাইকে পত্রিকাটি নিয়মিত পড়ার আহ্বান জানাই। ভিন্নধর্মী সংবাদ পরিবেশনের মাধ্যমে এটি পাঠকদের কাছে আরও গ্রহণযোগ্য হয়ে উঠবে বলে আশা করি।”


সভাপতির বক্তব্যে জাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মুসলিম ইবনে রবি বলেন, “বাংলাদেশের সংবাদমাধ্যমে সত্য ও বস্তুনিষ্ঠতার চর্চাকে এগিয়ে নিতে ডেইলি টাইমস অব বাংলাদেশ কাজ করছে। ‘Window to the World’ স্লোগানকে সামনে রেখে প্রিন্ট ও ডিজিটাল মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা পাঠকের কাছে তুলে ধরাই এর অন্যতম লক্ষ্য।”


তিনি আরও বলেন, “প্রতিষ্ঠার শুরু থেকেই স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতি অনুসরণের পাশাপাশি রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি ও সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে সংবাদ পরিবেশন করছে গণমাধ্যমটি। তরুণ সাংবাদিকদের পেশাদারিত্বের মাধ্যমে সংবাদ পরিবেশনের ক্ষেত্রেও এটি ভূমিকা রাখছে।”


অনুষ্ঠানে জাবিপ্রবির ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান, এশিয়া পোস্টের জামালপুর প্রতিনিধি শাওন মোল্লা, জাগো নিউজের হৃদয় আহাম্মেদ শাওন, সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও এশিয়া পোস্টের প্রতিনিধি মো. নাঈম ইসলাম, অর্থ সম্পাদক ও বাংলাদেশ মেইল-২৪-এর প্রতিনিধি মো. ইকরাম মাহমুদ প্রধান, দপ্তর সম্পাদক ও দ্য স্টুডেন্ট জার্নালের প্রতিনিধি মিরাজ হোসেন, নবধারার প্রতিনিধি আহাদুজ্জামান অনন্তসহ ক্যাম্পাসে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সাংবাদিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।


পরে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হয়। এ আয়োজনকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাংবাদিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।


এমকে/বিএম২৪