চুয়াডাঙ্গায় স্ত্রীকে কুপিয়ে জখমের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
ফাইল ছবি
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা পৌর এলাকার হকপাড়ায় স্বামী-স্ত্রীর বিরোধের জেরে সেলিনা খাতুন (৩৮) নামে এক নারীকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তার স্বামী ইকবাল হোসেনের বিরুদ্ধে।
বুধবার (৮ অক্টোবর) রাত ১২টা ১০ মিনিটের দিকে হকপাড়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত সেলিনা খাতুন ওই এলাকার ইকবাল হোসেনের স্ত্রী। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতে কোনো একটি বিষয় নিয়ে সেলিনা ও তার স্বামী ইকবাল হোসেনের মধ্যে কথা কাটাকাটি ও বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইকবাল হোসেন ধারালো দেশীয় অস্ত্র দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি কোপান বলে অভিযোগ করা হয়েছে।
এতে সেলিনার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয় এবং প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঘটনার বিস্তারিত ও অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।
এমকে/বিএম২৪








