বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন মিয়া
বামে মারা যাওয়া হাইকোর্টের আইনজীবী রফিকুল হোসেন মিয়া ও ডানে বিএনপি নেতা এবং সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও তিনি মারা যাননি। মারা গেছেন হাইকোর্টের আইনজীবী রফিকুল হোসেন মিয়া।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আইনজীবী রফিকুল হোসেন মিয়া।
এর আগে সন্ধ্যায় বিভিন্ন গণমাধ্যম ও আইনজীবীদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।
পরে হাইকোর্টের আইনজীবী রফিকুল হোসেন মিয়ার সুপ্রিম কোর্টে একই কক্ষে বসা সহকর্মী অ্যাডভোকেট নুরুন্নবী বিষয়টি পরিষ্কার করেন। তিনি জানান, রফিকুল ইসলাম মিয়া ও রফিকুল হোসেন মিয়া একই রুমে বসতেন। মারা গেছেন রফিকুল হোসেন মিয়া। তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। একই কক্ষে বসার কারণে এই বিভ্রান্তি তৈরি হয়েছে।
অন্যদিকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার ব্যক্তিগত সহকারী (পিএস) জানান, তিনি গুরুতর অসুস্থ অবস্থায় নিজ বাসায় রয়েছেন।
উল্লেখ্য, সুপ্রিম কোর্ট বারের মূল ভবনের ২২০ নম্বর কক্ষে বসতেন আইনজীবী রফিকুল হোসেন মিয়া। আইন পেশায় আসার আগে ১৯৮০-এর দশকে তিনি কলেজে শিক্ষকতা করেন।








