চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরা ছাড়াই ঢাকায় ফিরলেন জার্মান পর্যটক

প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৬, ০৩:০১ এএম
চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরা ছাড়াই ঢাকায় ফিরলেন জার্মান পর্যটক

বিডি মেইল

নিজস্ব প্রতিবেদক


নাটোর রেলস্টেশনের প্রথম শ্রেণির যাত্রী বিশ্রামাগার থেকে চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরা উদ্ধার না হওয়ায় ঢাকায় ফিরে গেছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার।


বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ‘পদ্মা এক্সপ্রেস’ ট্রেনে ঢাকার উদ্দেশে রওনা হন ১৮ বছর বয়সী এই পর্যটক। বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত তার চুরি যাওয়া মালামাল উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।


এর আগে বুধবার (৭ অক্টোবর) বিকেলে নাটোর রেলস্টেশনের প্রথম শ্রেণির বিশ্রামকক্ষ থেকে ক্রিলের ব্যাগ চুরি হয়। ব্যাগে ম্যাকবুক ল্যাপটপ, ডিএসএলআর ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিল।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়ার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বুধবার দুপুরে সান্তাহার রেলস্টেশন থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে নাটোরের উদ্দেশে রওনা হন ক্রিল। নাটোরে নেমে অন্য ট্রেনে দর্শনা যাওয়ার কথা ছিল তার। সেখান থেকে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল তার।


নাটোর রেলস্টেশনে ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথে টাকা তুলতে যাওয়ার সময় এক ব্যক্তির কাছে নিজের জিনিসপত্র রেখে যান ক্রিল। ওই ব্যক্তি নিজেকে ট্রেনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছিলেন বলে জানান তিনি। টাকা তুলে ফিরে এসে ওই ব্যক্তি ও তার ব্যাগ—দুটিই না পেয়ে পরে জানতে পারেন, ওই ব্যক্তি রেলওয়ের কর্মকর্তা নন।


ঘটনার পর নাটোর সদর থানায় সাধারণ ডায়েরি করেন ক্রিল। এরপর তার ল্যাপটপের অবস্থান শনাক্তের চেষ্টা শুরু করে পুলিশ। ল্যাপটপের অবস্থান রাজশাহীতে দেখা যাওয়ায় বুধবার রাত ১১টার দিকে তিনি রাজশাহীতে আসেন। সেখানে পুলিশ তার থাকার ব্যবস্থা করে এবং খাবারেরও ব্যবস্থা করা হয়।


বৃহস্পতিবার সাংবাদিকদের ক্রিল জানান, ল্যাপটপে গুরুত্বপূর্ণ তথ্য ও ডেটা রয়েছে। তার পাসপোর্ট ও মুঠোফোন অবশ্য তার কাছেই রয়েছে। বাংলাদেশে এটিই তার প্রথম ভ্রমণ এবং পুলিশ তাকে যথেষ্ট সহযোগিতা করছে বলেও জানান তিনি।


রাজশাহী রেলওয়ে থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, প্রথমে ল্যাপটপটির অবস্থান রাজশাহীর রেলগেট এলাকায় শনাক্ত হয়। পরে মহিলা কলেজের আশপাশে অবস্থান শনাক্ত হলে রেলওয়ে পুলিশ, আরএমপির বোয়ালিয়া থানা, ডিবি ও র‍্যাব সদস্যরা সেখানে অভিযান চালান।


তিনি জানান, ল্যাপটপে কোনো সিম না থাকায় সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। পরে বৃহস্পতিবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে আব্দুলপুর রেলওয়ে স্টেশনের কাছে ল্যাপটপটির অবস্থান শনাক্ত হয়। সেখানে থাকা তিতুমীর ও বনলতা এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালানো হলেও ল্যাপটপ বা ক্যামেরা উদ্ধার করা যায়নি।


পুলিশ জানিয়েছে, চুরি যাওয়া মালামাল উদ্ধারে আরএমপি, ডিবি, র‍্যাব, ট্যুরিস্ট পুলিশ ও রেলওয়ে পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তির ছবিও পাওয়া গেছে এবং তা বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয়েছে। মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।


এমকে/বিএম২৪