চুয়াডাঙ্গায় বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত ৬
সূত্রঃ সংগৃহীত
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগরে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আহরণ নেছা (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে আসিফ (২২)সহ আরও ছয়জন আহত হয়েছেন।
বুধবার বিকেলে জীবননগর-দৌলতগঞ্জ সড়কের পাথিলা ঈদগাহের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহরণ নেছা ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নের শহিদুল ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পাথিলা ঈদগাহের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের যাত্রী আহরণ নেছা ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও ছয়জন।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নিহতের ছেলে আসিফের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আহত অপর পাঁচজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত বাস ও ইজিবাইক পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এমকে/বিএম২৪









