চন্দনাইশে মাদ্রাসা ছাত্রকে প্রকাশ্যে বেত্রাঘাতের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে
সূত্রঃ ফাইল ছবি
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জামিরজুরী রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজ উদ্দিনের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে প্রকাশ্যে বেত্রাঘাত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।
অভিযোগকারী শিক্ষার্থী কাজী মোহাম্মদ আশরাফুল ইসলাম মিজান ওই মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থী। গত রোববার (২১ সেপ্টেম্বর) তিনি চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন।
অভিযোগপত্রে ওই শিক্ষার্থী উল্লেখ করেন, গত ১৬ সেপ্টেম্বর মাদ্রাসায় অ্যাসেম্বলি চলাকালে তিনি যথাসময়ে মাঠে উপস্থিত হন। এ সময় অধ্যক্ষ কোনো কারণ না জিজ্ঞাসা করেই সবার সামনে তাকে বেত দিয়ে আঘাত করেন বলে অভিযোগ করেন তিনি।
শিক্ষার্থীর দাবি, এ ঘটনায় তিনি শারীরিকভাবে আহত হওয়ার পাশাপাশি মানসিকভাবেও বিপর্যস্ত হয়েছেন। বর্তমানে তিনি নিয়মিত ক্লাসে যেতে পারছেন না বলেও অভিযোগে উল্লেখ করেন।
অভিযোগে আরও বলা হয়, এর আগেও ওই অধ্যক্ষের বিরুদ্ধে কয়েকজন শিক্ষার্থীকে হেনস্তা করার অভিযোগ রয়েছে। বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থী।
অভিযোগের অনুলিপি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও মাদ্রাসার গভর্নিং বডির সভাপতির কাছেও দেওয়া হয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় প্রশাসন ও সংশ্লিষ্ট মহলের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।’
তবে বেত্রাঘাতের অভিযোগ অস্বীকার করেননি মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিন। তিনি বলেন, ‘ক্লাস ফাঁকি দিয়ে বাইরে ঘোরাঘুরি করায় কয়েকজন ছাত্রকে শাসন করা হয়েছে।’
এ বিষয়ে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।








