চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ এএম
চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সূত্রঃ সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি


চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উত্তর আগ্রাবাদ এলাকার রমনা আবাসিক প্রকল্পের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় ছায়েদুর রহমানের স্ত্রী তাদের নাতিকে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। এ সময় তিনি স্ত্রীকে দ্রুত বাসায় ফিরে আসতে বলেন। পরে স্ত্রী বাসায় ফিরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে হালিশহর থানা-পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।


এদিকে, ঘটনার দিন সন্ধ্যা পর্যন্ত কর্মস্থলে ছায়েদুর রহমানের আচরণে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেননি তার সহকর্মীরা। তারা জানান, সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি একটি দাপ্তরিক বৈঠকে সহকর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন। ওই সময় তাকে স্বাভাবিক ও প্রফুল্ল মেজাজে দেখা গেছে।


প্রায় দুই বছর আগে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পান ছায়েদুর রহমান।


পারিবারিক জীবনে তিনি তিন কন্যাসন্তানের জনক। তার বড় মেয়ে একজন প্রকৌশলী এবং ঢাকায় বসবাস করেন। কনিষ্ঠ মেয়ে ঢাকায় এমবিবিএস কোর্সে অধ্যয়নরত। মেজ মেয়ে একজন চিকিৎসক এবং চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত।


হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন মণ্ডল জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।


এমকে/বিএম২৪